Wednesday, November 11, 2020

পেশায় পত্রিকা বিক্রেতা, কিন্তু স্বপ্ন মানবসেবার।


 পেশায় পত্রিকা বিক্রেতা, কিন্তু স্বপ্ন মানবসেবার। সম্ভ্রান্ত পরিবারের সন্তান হয়েও জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে এখন নিঃস্ব স্বজনহারা একা এক মানুষ তিনি। মাঝবয়সে কিছুটা মানসিক বিকারগ্রস্ত হওয়ায় স্বজনরা তাকে আর দেখভাল করেনি। বাবার সম্পত্তিতে থেকে পাওয়া এক টুকরো জমিতে ছোট্ট এক ঘরে তার বাস। প্রয়োজনের তুলনায় বেশি কোন ব্যবহারিক জিনিস নেই, নেই কোন চাহিদাও। তবে আছে মানুষের সেবা করার বিশাল স্বপ্ন।
 রাজশাহীর রাস্তায় হরহামেশাই দেখা মিলবে খুকি নামের এক নারীর। হয়তো পত্রিকা হাতে, নয়তো ছোট ছোট কার্ড, ক্যালেন্ডার হাতে। নগরীর শিরোইল বাসষ্ট্যান্ড এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক হাফিজুর রহমানের ১২ সন্তানের মধ্যে খুকি দশম। পুরো নাম জোহরা দিল আফরোজ খুকি। তার সবচেয়ে বড় পরিচয় রাজশাহী নগরীর একমাত্র নারী সংবাদপত্র বিক্রেতা হিসেবে।
 উসকো খুশকো চুল, পরনে ময়লা কাপড় আর মুখে এক চিলতে হাসি নিয়ে শহরের নানা প্রান্তে ছুটে চলা তার। কিছুটা অস্বাভাবিক আচরণের ফলে অনেকেই তাকে উত্যক্ত করে, করে মারধরও। তারপরও পেশা বদল করেননি।
 বয়স বেড়েছে, স্মৃতি ভ্রম হয়ে কিছুটা অস্বাভাবিক আচরণ করেন। ফলে আয় উপার্জনও কমছে দিনে দিনে। প্রতিবেশি ও সংবাদপত্র সার্কুলেশনের সঙ্গে জড়িতরা বলছেন, যদিও খুকি কারও অর্থ সহায়তা নেন না, তারপরও এ বয়সে তার অন্যান্য সহায়তা প্রয়োজন।
 ১৯৬০ সালে কুষ্টিয়ায় জন্ম নেয়া খুকি সেখানকার মোহিনী মোহন বিদ্যাপিঠে পড়াশোনা করেছেন। এরপর পড়েছেন টাঙ্গাইলের ভারতেশ্বরী হোমসে। তার স্বপ্ন, দীর্ঘদিনের জমানো অর্থ মোহিনী মোহন বিদ্যাপিঠের গরীব শিশুদের মাঝে বৃত্তি হিসেবে বিলিয়ে দেয়া।
 জীবন যুদ্ধে টিকে থাকতে ১৯৯১ সালে সংবাদপত্রের বিক্রেতা হিসেবে কাজ শুরু করেন খুকি। মৃত্যুর পর সমাহিত হতে চান কুষ্টিয়াতে।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: