Friday, November 13, 2020

মহামারির কারণে দীর্ঘ আট মাস বিরতির পর অবশেষে বাংলাদেশ থেকে ভিসা চালূ করলো যুক্তরাষ্ট্র।


মহামারির কারণে দীর্ঘ আট মাস বিরতির পর অবশেষে বাংলাদেশ থেকে ভিসা চালূ করলো যুক্তরাষ্ট্র। আপাতত শিক্ষার্থীদের জন্য নতুন ভিসার আবেদন নেয়ার ঘোষণা দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। শুক্রবার যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে কারা এবং কি উপায়ে আবেদনের জন্য উপযুক্ত হবেন তাও বিস্তারিত জানানো হয়েছে।  
বিশ্বজুড়ে করোনা মহামারী শুরুর পর বেশিরভাগ দেশের বিমান চলাচল বন্ধের পাশাপাশি বন্ধ করে দেয়া হয়, অভিবাসন, শিক্ষা ও পেশাগত কারণে ভিসার আবেদন। এরই প্রেক্ষিতে জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণাপত্রে অভিবাসী ও অভিবাসন ইচ্ছুকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ স্থগিত করেন। যুক্তরাষ্ট্রের শ্রমবাজারকে ঝুঁকিমুক্ত করতে এই নির্দেশনা চলতি বছর ডিসেম্বরের ৩১ তারিখ পযন্ত জারি রাখার কথা থাকলেও, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট চলতি মাস থেকেই আবেদন নেয়ার ঘোষণা দিয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথমবারের মতো আবেদনকারীদের এফ-একাডেমিক ও ল্যাঙ্গুয়েজ, এম-ভোকেশনাল ও জে-এক্সচেঞ্জ ভিজিটরস ক্যাটাগরিতে ভিসার জন্য আবেদনপত্র গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য সময় দেওয়া শুরু হবে আগামী ১৫ নভেম্বর থেকে। তবে কোভিড-১৯ এর কারণে দূতাবাসের প্রাত্যহিক কর্মতালিকায় সাক্ষাৎকারের সংখ্যা সীমিত থাকবে এবং ভিসা প্রসেস করার জন্য ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। বিষয়টি মনে রেখে আবেদনকারীদের ভিসার আবেদন ও ভ্রমণ পরিকল্পনা করতে অনুরোধ করা হয়েছে।
আবেদনকারীদের নির্ধারিত ওয়েবসাইটে লগ ইন করে তাদের প্রোফাইল হালনাগাদ করা এবং ভিসা ফি দেয়ার পর অনলাইন সাক্ষাৎকারের সময় নিতে হবে। সে অনুযায়ী জমা দেওয়া আবেদন ফি নিয়মিত ভিসা সেবা কার্যক্রম পুনরায় চালু না হওয়া পর্যন্ত বৈধ থাকবে এবং এই আবেদন ফি ব্যবহার করে আগামী ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাক্ষাত্কারের জন্য সময় নেওয়া যাবে বলে জানিয়েছে দূতাবাস।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: