দেশের অন্যতম বড় পাইকারি বাজার বগুড়ার মহাস্থান হাটে বেড়েছে সবজির দাম।
৫ দফা বন্যায় উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় নষ্ট হয়ে গেছে সবজি। দেশের অন্যতম বড় পাইকারি বাজার বগুড়ার মহাস্থান হাটে সবজির দাম অন্য বছরের তুলনায় বেশি। তবে ওই হাট থেকে প্রায় দ্বিগুন দামে দেশের বড় শহরে সবজি বিক্রি হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এজন্য প্রান্তিক কৃষক দাম পাচ্ছেন না। পাইকারী ব্যবসায়ীরা এর কারন হিসেবে পরিবহন ও শ্রমিক খরচের দোহাই দিচ্ছেন।
কাঁচামালের জন্য দেশের অন্যতম বড় পাইকারি বাজার বগুড়ার মহাস্থান হাট। রাজধানীসহ দেশের বড় শহরগুলোর সবজির যোগান দিতে এই হাটের ভূমিকা উল্লেখযোগ্য। চলতি বছর কয়েকদফা বন্যায় উত্তরাঞ্চলে বড় ক্ষতি হয় সবজির। অনেক কৃষক এখনো শীতের সবজির চারা রোপন করতে পারেনি জমিতে।
এর প্রভাব পড়েছে মহাস্থান হাটে। বেশিরভাগ সবজির দাম আগের বছরের একই সময়ের তুলনায় বেড়ে গেছে। পাইকারি এই বাজারে এখন মুলা ১২শ টাকা, ফুলকপি ২৬শ টাকা, লাউ এক হাজার টাকা, পেঁপে ১১শ টাকা এবং করলা বিক্রি হচ্ছে ২ হাজার টাকা মন দরে। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে মরিচের। কাঁচা মরিচের মন প্রায় ৬ হাজার টাকা।
কৃষকরা বলছেন, এসব সবজি প্রায় দ্বিগুণ দামে রাজধানীতে বিক্রি হলেও তারা সেই মূল্য পান না।
পাইকারি ব্যবসায়ীদের দাবি, পরিবহন, শ্রমিক ও দৈনিক খরচ মিলিয়ে লাভ খুব বেশি নয়।
গেল বছর মস্থান হাটে ফুলকপি বিক্রি হয় দেড় হাজার টাকা মন দরে। মুলা বিক্রি হয় সাড়ে ৭শ টাকা দরে।


0 coment rios: