Monday, October 19, 2020

বাগেরহাটে শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত আবদুল মান্নান সরদারের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।


 বাগেরহাটে শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত আবদুল মান্নান সরদারের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। মাত্র সাত কার্যদিবসের মধ্যে এই রায় ঘোষণা করা হয়। সময়ের হিসেবে একে মাইলফলক বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আসামীর যাবজ্জীবন কারাদণ্ডে খুশি বাগেরহাটের নারী অধিকার কর্মীরা। সোমবার দুপুরে এই নজির স্থাপন করেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নূরে আলম।
গেল ৩ অক্টোবর বাগেরহাটের মোংলায় আবদুল মান্নান, মামার আশ্রয়ে থাকা, ৭ বছরের এতিম শিশুকে ধর্ষণ করে। এরপর ১১ অক্টোবর ১৬ জনকে স্বাক্ষী রেখে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। বাগেরহাটের জুডিশিয়াল আদালত স্পর্শকাতর বিবেচনায় মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর পর ১২ অক্টোবর চার্জ গঠন করেন ট্রাইব্যুনালের ২ নম্বর আদালত।
এরপর ১৩ অক্টোবর ১৬ জন স্বাক্ষী এবং পরদিন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষ্য নেয়া হয়। ১৫ অক্টোবর সাফাই সাক্ষী দেন আসামী আবদুল মান্নান। রোববার দুপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক হয়। এসময় আসামীর যৌন অক্ষমতার দাবি করা হয়। আদালতের নির্দেশে সেদিনই পরীক্ষা করে বিকেলে আবদুল মান্নানের সক্ষমতার সনদ দেন চিকিৎসক। এরপর রায়ের দিন ধার্য করা হয় সোমবার। এতো কম সময়ে স্পর্শকাতর মামলার রায়কে মাইলফলক বলছেন আইনজীবীরা।
এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন আসামী পক্ষের আইনজীবী।
এই রায়ে খুশি বাগেরহাটের নারী অধিকার কর্মীরা। বলছেন, এর ফলে ধর্ষণের ঘটনা কমতে পারে দেশজুড়ে।
এই রায়ে আইনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলেও মনে করেন আইন সংশ্লিষ্টরা।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: