নিজেদের ঘরবাড়ি জ্বালিয়ে কপর্দকহীন হয়ে বেরিয়ে যাচ্ছেন বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চলের আর্মেনিয়রা।
নিজেদের ঘরবাড়ি জ্বালিয়ে কপর্দকহীন হয়ে বেরিয়ে যাচ্ছেন বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চলের আর্মেনিয়রা। শান্তিচুক্তির অংশ হিসেবে রোববারের মধ্যে এলাকা ছাড়তে হবে তাদের। তার আগে নিজেদের বসতবাড়িগুলোতে আজার মুসলিমদের দখল হতে না দেয়ার উদ্দেশ্যে আগুনে পুড়িয়ে দিচ্ছে আর্মেনিয় বিচ্ছিন্নতাবাদীরা। একইসঙ্গে সীমান্তবর্তী কালবাজার জেলার গীর্জায় শেষবারের মতো প্রার্থনা করলেন আর্মেনিয় খ্রীস্টানরা। অন্যদিকে আর্মেনিয়ার প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টাকে ন্যাশনাল সিকিউরিটি সার্ভিস নস্যাৎ করে দিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
অশ্রুসজল চোখে নিজেদের বসতবাড়ি ছেড়ে যাচ্ছেন আর্মেনিয়রা। বিতর্কিত নাগোরনো-কারাবাখের অঞ্চলকে নিয়ে টানা দু’মাসের সংঘর্ষ শেষে রাশিয়ার মধ্যস্থততায় স্বাক্ষরিত চুক্তি অনুসারে, আজারবাইজানের হাতে যাচ্ছে সীমান্তবর্তী কালবাজার জেলার নিয়ন্ত্রণ। কয়েক দশকের বসতভিটা ছেড়ে যতোটুকু সম্ভব সাথে নিয়ে তাই চলে যেতে হচ্ছে এখানকার আর্মেনিয় জাতিগোষ্ঠীকে।
আর তাই রোববারের আগে শনিবারই নিজেদের শেষ প্রার্থনাটুকু করে নিলেন কালবাজারের আর্মেনিয় বাসিন্দারা। চুক্তির আওতায় কালবাজার, আঘডাম ও লাচিন জেলা আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া।
এই ক্রুশ পাথরটি একদিন আবার তার জায়গায় ফিরে আসবে। আমাদের গোষ্ঠীর লোকজন আবার এখানে ফিরে আসবো। আমি এই আশাকে লালন করে বেঁচে থাকবো।
সহায়সম্বলহীন হয়ে নিজেদের বসতবাড়ি ফেলে রেখে যেতে বাধ্য হচ্ছেন আর্মেনিয়রা। কেউ কেউ নিজেরাই আগুন দিয়ে গেলেও, বেশিরভাগ বাড়িগুলো জ্বালিয়ে দিচ্ছে আর্মেনিয় বিচ্ছিন্নতাবাদীরা। আজার বাহিনীর জন্য কিছুই অবশিষ্ট রাখতে চায় না তারা।
আগামীকাল সকালেই তারা এখানে চলে আসবে। আসুক আজারিরা, থাকুক এখানে, যদি পারে থাকতে। "
এদিকে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে হত্যা করে ক্ষমতা দখলের প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে দেশটির ন্যাশনাল সিকিউরিটি সার্ভিস- এনএসএস। কয়েকজন বিপজ্জনক সাবেক শীর্ষ কর্মকর্তা এই অপচেষ্টা করেছে বলে দাবি সংস্থাটির। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আটক করা হয়েছে।
নাহিদ জিহান, নিউজ টোয়েন্টিফোর।


0 coment rios: