Sunday, October 18, 2020

পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি করোনা ভাইরাসের চূড়ান্ত কোনো ভ্যাকসিন।

 

পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি করোনা ভাইরাসের চূড়ান্ত কোনো ভ্যাকসিন। পরীক্ষামূলক ১০৮টি ভ্যাকসিনের মধ্যে আটটিকে মানবদেহে প্রয়োগের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ সংস্থা। প্রতিষেধক তৈরির দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। এরইমধ্যে কভিড-19 নিষ্ক্রিয় করতে একটি অ্যান্টিবডি আবিষ্কারের দাবি করেছে ইসরায়েল।
করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের অবিরত চেষ্টা চালাচ্ছে সারাবিশ্ব। এরমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনপ্রাপ্ত আটটি ভ্যাকসিনের মধ্যে পাঁচটিই বেইজিংয়ের। এছাড়া সম্ভাব্য ১৪টি ভ্যাকসিন শনাক্ত করেছে যুক্তরাষ্ট্র। যা সফল হলে চলতি বছরের শেষ নাগাদ মিলবে ভ্যাকসিন, এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে, কোভিড নাইনটিন ভাইরাসের টিকা আবিষ্কারের লক্ষ্যে জার্মানির ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান বায়ে-এনটেক ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি প্রাপ্তির পর মার্কিন বহুজাতিক ওষুধ কোম্পানি ফাইজারের সঙ্গে যৌথভাবে গবেষণা শুরু করেছে। পরীক্ষা সফল হলে এ বছরই উৎপাদন করা হবে কয়েক লাখ ডোজ টিকা।
প্রাথমিকভাবে, ১৮ থেকে ৫৫ বছর বয়সি ২০০ সুস্থ স্বেচ্ছাসেবীর ওপর এ টিকা পরীক্ষা করা হবে। দ্বিতীয় পর্যায়ে, মানবদেহে সম্ভাব্য এ টিকা কতটা কার্যকরী ও নিরাপদ তা পরীক্ষা করা হবে। এছাড়া, সফল করোনা ভ্যাকসিন তৈরির দাবি করা হয়েছে ইতালির পক্ষ থেকেও।
এদিকে করোনা ভাইরাসকে নিষ্ক্রিয় করার ক্ষমতা সম্পন্ন একটি এন্টিবডি তৈরির ঘোষণা দিয়েছে ইসরায়েল। একজন সুস্থ হওয়া ব্যক্তির কোষ থেকে তৈরি মোনোক্লোনাল অ্যান্টিবডিটি বেশ শক্তিশালী, এমনটাই মন্তব্য করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট। তবে যারাই প্রথম প্রতিষেধক তৈরিতে সফল হোক না কেন, সুলভ মূল্যে তা বিশ্বের সব দেশে সরবরাহের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: